লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদান করা হবে।
মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।
সমাবর্তন অনুষ্ঠানে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মিয়ামি কনস্যুলেটের প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
নিহত নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠিত হবে। আগামী ৭ মে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। নিখোঁজের আট দিন পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদের পর কয়েকটি কালো আবর্জনা ফেলার ব্যাগের ভেতর থেকে লিমনের দেহাংশ উদ্ধার করা হয়।




Comments