ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল; দিলেন রাজাকারমুক্ত নগরীর প্রতিশ্রুতি
'রাজাকারমুক্ত’ নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
মঙ্গলবার (৬ মে) রাতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে এ ঘোষণা দেন।
তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।’
এরপর তিনি আরও দুটি পোস্ট দেন। একটি পোস্টে প্রশ্ন তুলে তিনি লেখেন, “কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?”
অপর একটি পোস্টে নগরবাসীকে প্রতিশ্রুতি দিয়ে এই নেত্রী লিখেছেন, "আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আমি একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং উন্নত নগর হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। পাশাপাশি আমার নগরী থাকবে রাজাকারমুক্ত—কথা দিলাম!"
নীলা ইসরাফিল গত বছরের জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার গণ-আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। আন্দোলনের পর তিনি নতুন গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টিতে’ (এনসিপি) যোগ দিয়েছিলেন। তবে দলটির অন্যতম নেতা সারোয়ার তুষারের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর তিনি পদত্যাগ করেন। এবার তিনি এককভাবে ঢাকা দক্ষিণের নগরপিতা হওয়ার লড়াইয়ে নামার ঘোষণা দিলেন।




Comments