বল হাতে গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। এপ্রিল মাসজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার আইসিসির ‘মাসসেরা ক্রিকেটার’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই স্পিডস্টার।
শুক্রবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এপ্রিল মাসের সেরা খেলোয়াড়দের এই তালিকা প্রকাশ করেছে। মাসসেরার দৌড়ে নাহিদ রানার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ওমানের জতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার।
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন নাহিদ। তিন ম্যাচের ওই সিরিজে ১৬.৭৫ গড় ও ৪.৪৬ ইকোনমিতে তিনি শিকার করেছেন ৮টি উইকেট। সিরিজের প্রথম ম্যাচে কিছুটা খরুচে হলেও দ্বিতীয় ম্যাচে মাত্র ৩২ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়ে কিউইদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডেতেও ৩৭ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। তার এমন গতি ও আগ্রাসী বোলিংয়ের প্রশংসা করেছেন খোদ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও।
তবে মাসসেরার এই স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে নাহিদকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ওমানের অধিনায়ক জতিন্দর সিং বিশ্বকাপ লিগ-টুতে পাঁচ ম্যাচে ২৬৬ রান করে দারুণ ছন্দে আছেন, যার মধ্যে নেপালের বিপক্ষে ১৩০ রানের একটি দুর্দান্ত ইনিংসও রয়েছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের নতুন মুখ অজয় কুমার নেপালের বিপক্ষে মাত্র দুই ওয়ানডেতেই ৯ উইকেট শিকার করে আলো ছড়িয়েছেন।
পুরুষদের পাশাপাশি নারী বিভাগের মাসসেরার সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে আইসিসি। নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট, শ্রীলঙ্কার ইমেশা দুলানি এবং ব্রাজিলের লরা কার্দোসা।
মানবকণ্ঠ/আরআই




Comments