চাটখিলে ইমামের বাসায় ডাকাতি, শিশুকে জিম্মি করে মালামাল লুট
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে এক মসজিদের ইমাম ও মাদরাসা শিক্ষকের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ইমামের দুই বছরের শিশু সন্তানের গলায় ছুরি ধরে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
শনিবার (৯ মে) ভোরে খিলপাড়া-নয়নপুর সড়কের বড়পুল সংলগ্ন ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে চাটখিল উপজেলার খিরহাটি মাদরাসায় শিক্ষকতা করছেন এবং স্থানীয় একটি মসজিদে ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন।
বেলাল হোসেন জানান, শনিবার ভোর ৪টার দিকে তিনি ফজরের আজান দিতে মসজিদে যান। এই সুযোগে ৩ জন ডাকাত তার ঘরে প্রবেশ করে। তারা তার দুই বছরের শিশু কন্যার গলায় ধারালো ছুরি ধরে স্ত্রী ও সন্তানদের জিম্মি করে ফেলে। সন্তানদের প্রাণনাশের ভয়ে পরিবারের সদস্যরা চিৎকার করতে না পারায় ডাকাতরা অনায়াসেই ঘরের নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। যাওয়ার সময় ডাকাতরা ইমামকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ভুক্তভোগী ইমাম থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments