Image description

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক সংখ্যালঘু পরিবারের গরু চুরির অভিযোগে কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে সোহেলসহ (৩৭) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গরু বিক্রির ৫ হাজার ৬৭৫ টাকা এবং জবাই করা গরুর চারটি পা উদ্ধার করা হয়।

শনিবার (৯ মে) দিবাগত রাতে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের শ্রীনগর উপজেলা থেকে চুরির গরু কেনা কসাইকেও গ্রেপ্তার করে পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মে দুপুর ৩টার দিকে কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে শুসংকর মন্ডল কালুর বাড়ির সামনের জমি থেকে একটি লাল রঙের ষাঁড় গরু চুরি হয়। চুরির ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোহেল ও তার অজ্ঞাত দুই সহযোগী গরুটি চুরি করে নিয়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী শুসংকর মন্ডল সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ঘটনার সত্যতা পায় এবং দ্রুত অভিযানে নামে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, "শুসংকর মন্ডলের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সোহেল ও গরু কেনা কসাইকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে গরু বিক্রির নগদ টাকা ও গরুর চারটি পা উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।"

মানবকণ্ঠ/ডিআর