অনুপ্রবেশ ও চোরাচালান রোধে পাটগ্রাম সীমান্তে বিজিবির নজরদারি
ভারতে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী সময়ে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং চোরাচালান রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির আওতাধীন লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা এবং নীলফামারীর ডিমলা ও ডোমার সীমান্তজুড়ে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও টহল পরিচালনা করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, পানবাড়ী ও কুচলিবাড়ী সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। দিনের পাশাপাশি রাতেও বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম। বিশেষ করে নদী সংশ্লিষ্ট সীমান্ত এবং কাঁটাতারবিহীন দুর্গম এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান জানান, সীমান্তে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বিজিবি দায়িত্ব পালন করছে। দেশের স্বার্থে এবং সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ ও প্রস্তুত। টহল বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতেও কাজ করা হচ্ছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপরও তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে।
বিজিবির এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তারা জানান, ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুপ্রবেশের ঝুঁকি থাকায় বিজিবি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। তবে এই সুযোগে মাদক কারবারি বা মানব পাচারকারী ও চোরাকারবারিরা যাতে সক্রিয় হতে না পারে, সেদিকে বিজিবিকে আরও কঠোর নজর রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
মানবকণ্ঠ/ডিআর




Comments