দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইয়ে দিচ্ছে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স। চলতি মে মাসের প্রথম ৯ দিনেই দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।
রোববার (১০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত তিন দিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের গতি দেখা গেছে। এই সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন তিন হাজার ৪০০ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। মূলত ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম বাড়ানোর ফলে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাতে আরও বেশি উৎসাহিত হচ্ছেন।
গত বছরের মে মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ১০ শতাংশ। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। ডলার সংকটের কারণে গত কয়েক বছর ধরে দেশের অর্থনীতি যে চাপের মুখে ছিল, রেমিট্যান্সের এই উল্লম্ফন সেই সংকট কাটিয়ে বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বড় সহায়তা করবে।




Comments