মাদক কারবারি ধরিয়ে দিলেই নগদ পুরস্কারের ঘোষণা এমপি হানজালার
মাদারীপুরের শিবচর উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে এক ব্যতিক্রমী ও কঠোর ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দীন আহমেদ হানজালা। কোনো মাদক ব্যবসায়ীকে শনাক্ত বা ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রোববার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই ঘোষণা দেন।
ভিডিওবার্তায় এমপি হানজালা বলেন, “জনগণের আস্থা ও প্রত্যাশার জায়গা থেকে আমি শিবচরকে মাদকমুক্ত করতে কাজ করছি। প্রশাসনের সহযোগিতা থাকুক বা না থাকুক, মাদকের বিরুদ্ধে এই অভিযান ও সংগ্রাম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনে তিনি নিজেও সরাসরি মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করবেন বলে জানান।
সংসদ সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক কিংবা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” তিনি শিবচরের যেকোনো নাগরিককে মাদক ব্যবসায়ীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে অথবা তাদের ধরিয়ে দিতে সহায়তা করার আহ্বান জানান। এই মহতী কাজে সহায়তাকারীদের তিনি ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন।
একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে শিবচরের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা ও সচেতনতাই মাদক নির্মূলের সবচেয়ে বড় শক্তি।
মানবকণ্ঠ/ডিআর




Comments