Image description

ময়মনসিংহের গৌরীপুরে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইয়াসিন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ঘাটেরকোনা গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ইয়াসিন ওই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভিকটিমের এক আত্মীয় মারা যাওয়ায় তাঁর বাবা-মা পার্শ্ববর্তী মাওহা ইউনিয়নে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে এবং বৃষ্টির কারণে আশপাশের লোকজন ধান কাটায় ব্যস্ত থাকায় অভিযুক্ত ইয়াসিন মিয়া ফাঁকা ঘরে প্রবেশ করে। পরে সে দরজা বন্ধ করে বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিমের মা জানান, বাড়ি ফেরার পর তাঁর মেয়ে ‘হাউমাউ’ করে কান্নায় ভেঙে পড়ে এবং আকার-ইঙ্গিতে ঘটনার বিস্তারিত জানায়। কিশোরীটি তাঁর ঠোঁটে কামড়ের চিহ্ন দেখায় এবং ইশারায় ইয়াসিন মিয়ার ঘর পর্যন্ত নিয়ে গিয়ে তাকে শনাক্ত করে। তবে অভিযুক্ত ইয়াসিন মিয়া দাবি করেছেন, তিনি মেয়েটিকে শুধু একটি কেক দিয়েছিলেন, ধর্ষণের অভিযোগ সত্য নয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ইয়াসিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর