Image description

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার আলো দেখিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর শামারুহ মির্জা। মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ী এলাকায় স্থানীয় তাঁতিদের সাথে মতবিনিময় ও তাঁতশিল্প পরিদর্শনকালে তিনি এই আশার বাণী শোনান।

তাঁতিদের উদ্দেশ্যে ড. শামারুহ মির্জা বলেন, “আপনাদের এলাকার এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে ব্র্যাকের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। আড়ংয়ের মাধ্যমে আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার একটি পরিকল্পনা আমাদের রয়েছে। তাঁতিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে কীভাবে আধুনিক ও মানসম্মত পণ্য উৎপাদন করা যায়, সে বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, “আপনারা আমার বাবার (স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব) ওপর আস্থা রেখেছেন। আপনাদের যেকোনো সমস্যা স্থানীয় নেতাদের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা চাই অবহেলিত এই তাঁতশিল্প যেন আবারও স্বমহিমায় ঘুরে দাঁড়াতে পারে।”

পরিদর্শনকালে ড. শামারুহ মির্জা তাঁতিদের তৈরি বিভিন্ন পণ্য দেখেন এবং তাদের উৎসাহ দিতে বেশ কিছু কম্বল ক্রয় করেন। তার এই উদ্যোগে দীর্ঘদিনের সংকটে থাকা স্থানীয় তাঁতশিল্পীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

এ সময় স্থানীয় নারী তাঁতি শ্যামলী রানী তার প্রতিক্রিয়ায় বলেন, “একসময় আমাদের এলাকায় তাঁতশিল্প খুব জনপ্রিয় ছিল। সুতার উচ্চমূল্য আর কাঁচামালের সংকটে এখন অধিকাংশ তাঁত বন্ধ হয়ে গেছে। আমাদের মানুষগুলো এখন পেটের দায়ে মাঠে শ্রমিকের কাজ করছে। যদি সরকারি-বেসরকারিভাবে সাহায্য পাই, তবে আমরা আবার এই শিল্পকে চাঙা করতে পারব।”

কেশুরবাড়ী এলাকার বাসিন্দারা জানান, একসময় এই জনপদের শতাধিক পরিবার তাঁত বুননের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে শিল্পটি এখন বিলুপ্তপ্রায়। ড. শামারুহ মির্জার এই সফর ও বাজারজাতকরণের আশ্বাস তাদের মাঝে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আশরাফুল হক, ৪নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক মো. রমজান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর