ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব-৯-এর গোয়েন্দা দলের ওপর হামলার ঘটনায় জড়িত কুখ্যাত ‘সফিক ডাকাত’ বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে র্যাব-৯ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মৃত গোলাম এনাহেদের ছেলে আব্দুল কাদের (৬২), একই এলাকার নয়ন মিয়ার ছেলে মো. রহিম (২০), সোলেমান মিয়ার ছেলে আব্দুর রহমান অপু (১৮), হুমায়ুন কবিরের ছেলে মো. নূর আলম (১৬) এবং জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা (৪৮)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার (১১ মে) বিকেল ৪টার দিকে র্যাব-৯, সিপিসি-১-এর চার সদস্যের একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য নবীনগর হয়ে বাঞ্ছারামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে খাগাতুয়া গ্রামে পৌঁছালে কুখ্যাত অপরাধী সফিক ডাকাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র্যাব সদস্যদের গতিরোধ করে এবং তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিলেও সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের একটি বাড়িতে আটকে রেখে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে।
পরে খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল স্থানীয়দের সহায়তায় অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব জানায়, হামলার ঘটনার পর মঙ্গলবার (১২ মে) ভোর সাড়ে ৫টায় খাগাতুয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত সন্ত্রাসী সফিক ডাকাত ও তার প্রধান সহযোগী আব্দুল হালিম (৩৪) পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
মানবকণ্ঠ/ডিআর




Comments