Image description

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদিমুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ওই সীমান্তের ৯০৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে সীমান্ত সংলগ্ন নদীতে মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় আমজাদ হোসেনের ছেলে খাদিমুলসহ কয়েকজন যুবক। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার পাগলিমারি বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাঁদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। বিএসএফের ছোড়া গুলিতে খাদিমুল গুরুতর জখম হন। পরে তাঁর সঙ্গীরা তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বনচৌকি ক্যাম্পের ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

সীমান্তে একের পর এক বিএসএফের গুলিতে নিহতের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। নিহত খাদিমুলের পরিবারে চলছে শোকের মাতম।

মানবকণ্ঠ/আরআই