গ্লো অ্যান্ড লাভলী হলো নারী ফুটবল দলের ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র সঙ্গে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য স্কিনকেয়ার ব্র্যান্ড গ্লো অ্যান্ড লাভলী। বুধবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ পার্টনারশিপের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে’র প্রতিনিধিরা, ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, গোলরক্ষক ইয়ারজান বেগম ও মিডফিল্ডার উমেলা মারমা।
চুক্তি অনুযায়ী আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং ও গ্রোথ ডেভেলপমেন্ট কার্যক্রমে সহায়তা করবে গ্লো অ্যান্ড লাভলী। এ সময় খেলোয়াড়দের ব্যক্তিগত উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমেও সহায়তা দেওয়া হবে। পাশাপাশি দলের অফিসিয়াল প্র্যাকটিস ও ট্রেনিং অ্যাসেট, ট্রেনিং কিট এবং বাফুফে নিয়ন্ত্রিত নির্বাচিত কমিউনিকেশন প্ল্যাটফর্মে গ্লো অ্যান্ড লাভলীর লোগো প্রদর্শিত হবে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি এএফসি উইমেন্স এশিয়ান কাপ ২০২৬-এর মূল পর্বে জায়গা করে নিয়ে দলটি দেশের ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড ওয়েলবিং বিভাগের প্রধান জাহিন ইসলাম বলেন, “গ্লো অ্যান্ড লাভলী দীর্ঘদিন ধরেই নারীর মেধাবিকাশ ও উন্নয়ন নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় আগামী দুই বছরের জন্য জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করি, এই ফুটবলাররা দেশের নারীদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বলেন, “গ্লো অ্যান্ড লাভলীর সঙ্গে এই পার্টনারশিপ নারী ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু ব্র্যান্ড সম্পৃক্ততাই নয়, নারীদের প্রতিভার স্বীকৃতিও। বর্তমানে নারী ফুটবল বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, যা দেশের জন্য গর্বের।”
বাফুফে’র ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, “গ্লো অ্যান্ড লাভলীর মতো দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া আমাদের জন্য ইতিবাচক দিক। ট্রেনিং ও গ্রোথ ডেভেলপমেন্টে তাদের সহায়তা বর্তমান ও ভবিষ্যৎ নারী ফুটবলারদের অনুপ্রাণিত করবে।”
সাফজয়ী গোলরক্ষক ইয়ারজান বেগম বলেন, “ট্রেনিংয়ের কারণে আমাদের দীর্ঘ সময় রোদে থাকতে হয়। তাই এমন একটি ব্র্যান্ডকে পাশে পেয়ে ভালো লাগছে। আশা করি, তাদের সহযোগিতায় এবারও সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি দেশে আনতে পারবো।”
মিডফিল্ডার উমেলা মারমা বলেন, “গ্লো অ্যান্ড লাভলীকে পাশে পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতেও তারা এভাবে সমর্থন দিয়ে যাবে বলে আশা করি।”
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি বলেন, “নারী ফুটবল দলের জন্য এত বড় পার্টনারশিপ এই প্রথম। গ্লো অ্যান্ড লাভলীকে এজন্য ধন্যবাদ জানাই। সামনে সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ রয়েছে, সেখানে আমরা এই সহযোগিতাকে কাজে লাগাতে চাই।”




Comments