Image description

নোয়াখালীর চাটখিল উপজেলায় পাওনা টাকার জেরে গোলাম কিবরিয়া (৫০) নামে এক সিএনজি চালককে অপহরণের পর আটকে রেখে মারধর ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের ছেলে শাহজাহান (২২) বাদী হয়ে গত বুধবার বিকেলে ৫ জনকে আসামি করে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত গোলাম কিবরিয়া উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কালা মিয়া জমাদ্দার বাড়ির বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, সিএনজি চালক গোলাম কিবরিয়া গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন, পাওনা টাকার কারণে মো. কামাল (৫০), তার ছেলে রিমন, কবির হোসেন (৫৮), তার ছেলে মাহফুজ (৩৩) ও মো. সবুজ (২৫) তাকে অপহরণ করে প্রথমে কবির হোসেনের মোল্লা বাড়িতে এবং পরে কামালের বাড়িবাড়ি মালি বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন চালাচ্ছে।

খবর পেয়ে নিহতের ছেলে শাহজাহান ও স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে অভিযুক্ত কামাল জানান, গোলাম কিবরিয়া তার কাছে টাকা পাওনা আছেন। আগামী রবিবারের মধ্যে সেই টাকা পরিশোধ না করলে তাকে মেরে ফেলা হবে। পরবর্তীতে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে পুনরায় ব্যাপক মারধর করা হয় এবং একপর্যায়ে জোরপূর্বক বিষ পান করানো হয়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওইদিন রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর