Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত দলের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহনাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ৪-৫ জনের একটি মুখোশধারী দল বাড়ির সামনে এসে নজরুলের নাম ধরে ডাকাডাকি করে। পরিচিত কেউ ভেবে দরজা খুলতেই মুখোশধারীরা জোরপূর্বক ঘরে ঢুকে পড়ে। তারা স্বামী-স্ত্রী দুজনেরই হাত-পা বেঁধে ফেলে এবং মারধর করে আলমারির চাবি ছিনিয়ে নেয়। শাহনাজ বেগমের দাবি, হামলাকারীদের চিনে ফেলায় তারা নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। ডাকাতরা ঘর থেকে নগদ ৬০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ অন্তত ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।"

মানবকণ্ঠ/ডিআর