নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন নামে এক ভূমি সহকারী কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা। তিনি আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। পথে মিরেরটেক বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments