রাজশাহীর চারঘাট উপজেলায় নির্ধারিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ মেনে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম পাড়া শুরু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মৌসুমের আম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, "রাজশাহী সামগ্রিকভাবে আমের রাজ্য হিসেবে পরিচিত হলেও চারঘাট ও বাঘা উপজেলার আমের স্বাদ এবং সুমিষ্টি গুণাগুণ অনন্য। এই এলাকায় উৎপাদিত আম সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাতকরণের লক্ষ্যে আমি প্রধানমন্ত্রী বরাবর একটি আধুনিক হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণের আবেদন জানিয়েছি।"
তিনি আরও জানান, বাংলাদেশের সুস্বাদু আম আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে ডেনমার্কসহ ইউরোপীয় দেশগুলোতে রপ্তানির বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এর সুফল স্থানীয় আম চাষিরা খুব দ্রুতই পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
নিজে একজন কৃষকের সন্তান উল্লেখ করে এমপি চাঁদ চাষি ও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "অধিক মুনাফার লোভে পড়ে কোনো অবস্থাতেই আমে বিষাক্ত বা ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মেশাবেন না। নিরাপদ ও রাসায়নিকমুক্ত আম বাজারজাতকরণের মাধ্যমে চারঘাটের আমের সুনাম ধরে রাখতে হবে।" আমের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে তিনি সবসময় চাষিদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজানসহ উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় আম চাষি ও ফল ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments