মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় রহিমা বেগম (৪২) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার উত্তর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর পাড়া এলাকার বাসিন্দা আব্দুল হালিম দেওয়ানের বাড়িতে দুপুরে রান্নার কাজ চলছিল। এসময় অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয় এবং রহিমা বেগম দগ্ধ হন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিশেষ কৌশলে (অক্সিজেন অপসারণ পদ্ধতি) বালতি ব্যবহার করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।
দগ্ধ রহিমা বেগমকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হওয়ায় এবং অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস দ্রুত না পৌঁছালে ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করতে পারত। এ ঘটনায় ওই এলাকায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সিলিন্ডার ব্যবহারের সময় নিয়মিত পাইপ ও রেগুলেটর পরীক্ষা করার পাশাপাশি সকলকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments