ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ২৯টি মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী (৩৯)।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে পিবিআই। তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে প্রথমে গৌরীপুর থেকে মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার পালান্দার গ্রামে অভিযান চালিয়ে ছাত্রদল নেতা আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ (নেত্রকোনা-ল ১১-১৩৪৭) আটক করা হয়। এছাড়া মোটরসাইকেলের রং পরিবর্তন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে সোহেল মিয়াকেও গ্রেপ্তার করে পুলিশ।
ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এই চোরচক্রের সদস্যরা অত্যন্ত সক্রিয়। তারা অত্যন্ত সুকৌশলে চুরি করা মোটরসাইকেলের রূপ পরিবর্তন করে কেনাবেচা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ছাত্রদল নেতা আশিক মিয়ার গ্রেপ্তারের বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, “আশিক জেলা ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। বিষয়টি আমার আগে জানা ছিল না, তবে আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে দলীয় শৃঙ্খলা অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে সে একজন ভালো ছেলে হিসেবেই পরিচিত, কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে কি না সেটিও আমরা যাচাই করছি।”
মানবকণ্ঠ/ডিআর




Comments