বাংলাদেশের চামড়া শিল্পকে ভবিষ্যতে বিলিয়ন ডলারের রফতানি আয়কারী খাতে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, চামড়া শিল্পের বিভিন্ন দুর্বলতা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
শুক্রবার (১৫ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া শিল্পের উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। তিনি বিশ্বাস করেন, প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর উদ্যোগ নেওয়া গেলে দেশের চামড়া শিল্প বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
তিনি বলেন, চামড়া খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং অল্প সময়ের মধ্যে সব সংকটের সমাধান সম্ভব নয়। তবে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, জাতীয় সম্পদ হিসেবে চামড়া শিল্পকে রক্ষা করা সবার দায়িত্ব। বিশেষ করে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে একটি চামড়াও যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ চামড়া নষ্ট হওয়া মানে দেশের অর্থনীতি ও সম্ভাবনাময় একটি শিল্পখাত ক্ষতিগ্রস্ত হওয়া।
তিনি সাধারণ মানুষকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, সরকার একার পক্ষে সবকিছু সম্ভব নয়। দেশের এই মূল্যবান সম্পদ রক্ষায় জনগণের অংশগ্রহণও জরুরি।
এসময় বাণিজ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চামড়া শিল্পকে আধুনিক ও রফতানিমুখী খাতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার ধারাবাহিকভাবে এই শিল্পের প্রতিকূলতা দূর করতে কাজ করছে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments