মামলা হলেই গ্রেফতার নয়, পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ জরুরি: জিএমপি অতিরিক্ত কমিশনার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেছেন, মামলা হলেই কাউকে গ্রেফতার করতে হবে—বিষয়টি এমন নয়। আইনের বিধান অনুযায়ী শুধুমাত্র কারও বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলেই গ্রেফতার যৌক্তিক হতে পারে। তদন্তের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে আকস্মিক গ্রেফতার কেন হবে, সেটার যৌক্তিকতা থাকা প্রয়োজন।
শনিবার (১৬ মে) সকালে গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘গাজীপুর সাংবাদিক ইউনিটি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত কমিশনার বলেন, “তদন্তের বিষয়টি পুলিশ এবং সাধারণ মানুষ—সবাই মিলে গোলমাল করে ফেলেছে। মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে যে মামলা হলেই পুলিশ গ্রেফতার করবে। কিন্তু পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ ছাড়া গ্রেফতার করা উচিত নয়। তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা থাকলেও সেটির যথাযথ ব্যবহার ও তদারকি প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমি নিজেও বিভিন্ন সময়ে মামলার আসামি হয়েছি। মামলা হওয়া মানেই কেউ অপরাধী হয়ে গেছে বা শেষ হয়ে গেছে এমন ধারণা ঠিক নয়। অতীতে কিছু ক্ষেত্রে আইনের অপব্যবহারের কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশের কিছু সদস্যও মামলাকে ‘সুযোগ’ হিসেবে নিয়েছে, যা সিনিয়র কর্মকর্তাদের নজরদারির মধ্যে থাকা উচিত।”
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি মত দেন, প্রেস কাউন্সিল আইনের আওতায় নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো আগে সেখানে পাঠানো উচিত। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নেওয়ার ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরও পরীক্ষা-নিরীক্ষা ও সতর্ক থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের অগ্রসর অংশ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রটোকলের মাধ্যমে তাদের কাজের স্বাধীনতা স্বীকৃত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সালাম এবং জেলা পুলিশের প্রতিনিধিরা।
গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি মো. আখতার হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাইউল উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. জসিম উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি মো. আবু সালেক ভূইয়া। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিলনমেলায় গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় দুই শতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments