Image description

সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট কলামিস্ট গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে, আমেরিকার সঙ্গে চুক্তির কারণে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে সাধারণ মানুষের ঘৃণা ও অভিশাপের পাত্রে পরিণত হয়েছেন। শনিবার (১৬ মে) ‘তিনতন্ত্র’ নামক একটি ফেসবুক পেজে প্রচারিত ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, “বাংলাদেশে বর্তমান সময়ে আমেরিকার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। এদেশের মানুষ এখন আমেরিকার কোনো কথা বা ডোনাল্ড ট্রাম্পের কোনো নীতি শুনতে আগ্রহী নয়।” উদাহরণ হিসেবে তিনি নারায়ণগঞ্জে কোরবানির জন্য একটি মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার প্রসঙ্গটি টেনে আনেন। তিনি বলেন, মহিষটির দাম এবং জবাইয়ের প্রক্রিয়া নিয়ে গণমাধ্যমে যেভাবে সংবাদ হচ্ছে, তা মূলত ট্রাম্পের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব ও ট্রল করারই বহিঃপ্রকাশ।

এই কলামিস্টের মতে, ড. ইউনূস ও তার সঙ্গীরা আমেরিকার সঙ্গে এই চুক্তির কারণে জনরোষের মুখে পড়েছেন। তিনি আরও বলেন, খলিলুর রহমানের বিবৃতির মাধ্যমে এই চুক্তির সঙ্গে বিএনপি ও জামায়াতকে জড়ানোর যে চেষ্টা করা হয়েছে, তা ভবিষ্যতে এই দলগুলোর জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

ড. ইউনূসের বর্তমান অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রনি বলেন, “ড. ইউনূস এখন ইমেজ ও শক্তি হারিয়ে ফেলেছেন। একসময় যারা তার জন্য দোয়া করতেন বা চোখের পানি ফেলতেন, তারাও এখন পর্দার আড়ালে চলে গেছেন। কেউ এখন প্রকাশ্যে তার পক্ষে দাঁড়াতে সাহস পাচ্ছেন না।”

দেশের বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির পদে ড. ইউনূসের নিয়োগ পাওয়া এখন এতটাই কঠিন যে, এটি সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশের চেয়েও অসম্ভব। বিএনপি চাইলেও এখন তাকে সেই অবস্থানে বসাতে পারবে না বলে মনে করেন এই বিশ্লেষক।

মানবকণ্ঠ/আরআই