রাজধানীর মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা ও ‘মব জাস্টিস’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই অরাজকতা নিয়ন্ত্রণে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে দাবি করে তিনি দায়িত্ব পালনে অক্ষমদের দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা ও মব হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আন্তর্জাতিক মহলে আপনারা বলছেন অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হচ্ছে না, অথচ আপনার প্রশাসনের অধীনেই পুলিশ কী করছে? কেন হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হচ্ছে না?’
তিনি আরও বলেন, ‘যেকোনো সংকট তৈরি হলে অন্যের ওপর দোষ চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই। বর্তমান সরকার কেবল পিআর স্ট্র্যাটেজি (জনসংযোগ কৌশল) দিয়ে দেশ পরিচালনা করছে, যার ফলে জনগণের প্রকৃত প্রত্যাশা পূরণ হচ্ছে না। নির্বাচনের আগে দেওয়া কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণেও সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।’
ভারতের সঙ্গে পানিবণ্টন ও সীমান্ত ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘বাংলাদেশের নদীতে ভারত বাঁধ দিয়ে আমাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। সীমান্ত সুরক্ষায় সরকার কার্যকর ভূমিকা না নিলে প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে লংমার্চ করা হবে।’
অনুষ্ঠানে জাতীয় যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments