নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের যাবতীয় কর্মকাণ্ড ও বিভিন্ন ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (১৭ মে) রিটটির প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী বৃহস্পতিবার (২১ মে) আদেশের জন্য দিন ধার্য করেছেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আইনজীবী এম কে রহমান শুনানিতে উল্লেখ করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ১৮ মাসের শাসনামলে অর্থনীতি, স্বাস্থ্যসহ রাষ্ট্রের প্রায় প্রতিটি খাতে চরম অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন। এই তদন্তের অন্যতম উদ্দেশ্য হলো এমন একটি দৃষ্টান্ত স্থাপন করা, যাতে ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক শক্তি নির্বাচিত সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার সাহস না পায়।
রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, “আমরা গত ১৮ মাসে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার স্বচ্ছ তদন্ত চেয়েছি। তদন্তের প্রক্রিয়া কেমন হবে, তা সরকার নির্ধারণ করবে। অ্যাটর্নি জেনারেল আদালতকে জানিয়েছেন যে, তিনি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা নিয়ে আসবেন।”
রাষ্ট্রপক্ষ সরকারের নির্দেশনা নেওয়ার জন্য সময় চাওয়ায় আদালত বৃহস্পতিবার আদেশের দিন রেখেছেন। ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে এমন আইনি চ্যালেঞ্জ রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments