মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
দেশ দুটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামীকাল সোমবার (১৮ মে) থেকে সেখানে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হচ্ছে। সেই হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে দেশ দুটিতে ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসব পালিত হবে।
এর আগে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে এবারের ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।
এদিকে, বৈজ্ঞানিক ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনার ওপর ভিত্তি করে আগেভাগেই ঈদের তারিখ জানিয়েছে তুরস্ক। দেশটির ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ রাতের মধ্যেই এসব দেশের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যাবে।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments