নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শোকে পাথর হয়ে তাসনিম (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় প্রথমে সড়ক দুর্ঘটনা এবং পরে হাসপাতালে শিক্ষার্থীর মৃত্যুর এই বিয়োগান্তক ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকার নাম কুলছুম বেগম। তিনি বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বদলগাছী সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মমতাজ জাহান নামের অপর এক সহকারী শিক্ষক। অন্যদিকে, মৃত শিক্ষার্থী তাসনিম একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং উপজেলার সদরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। পথে চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষক কুলছুম মারা যান। গুরুতর আহত মমতাজ জাহানকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, প্রিয় শিক্ষিকার অকাল মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে প্রচণ্ড মানসিক আঘাত পায় শিক্ষার্থী তাসনিম। সে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের লোকজন দ্রুত তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, “আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষক কুলছুমের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে নিয়ে আসার আগেই সে আমাদের ছেড়ে চলে গেছে।”
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, “শিক্ষার্থী কোনো আকস্মিক বড় শোকের সংবাদ পেয়ে হয়তো হার্ট অ্যাটাক বা শক থেকে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজন শিক্ষকের মৃত্যু হয়েছে এবং সেই খবর শুনে এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মানবকণ্ঠ/ডিআর




Comments