Image description

কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনার দৌলতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাট শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকালে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শ শ্রমিক অংশ নেন। সকালে রেলিগেট মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের একপর্যায়ে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ বিজেএ ভবনের বাইরে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ‘ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশের পাট খাত মারাত্মক সংকটে পড়েছে। গত নয় মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকরা অবিলম্বে কাঁচা পাট রপ্তানি চালুর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

একই সময়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারাও সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নানা শর্তারোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। এটি দ্রুত চালু না হলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প ধ্বংসের মুখে পড়বে।

মানবকণ্ঠ/ডিআর