পশুর হাটে নারীদের স্বস্তিতে ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার পশুর হাটগুলোতে নারীদের জন্য বিশেষ ‘পিঙ্ক টয়লেট’ বা গোলাপি রঙের টয়লেট নির্মাণের নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বুধবার (২০ মে) সকালে ডিএনসিসি কার্যালয়ে পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
সভায় প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, কোরবানির পশু কিনতে অনেক নারী তাদের পরিবারের সদস্যদের সঙ্গে হাটে আসেন। তাদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে প্রতিটি হাটে আলাদাভাবে চেনা যায় এমন গোলাপি রঙের বিশেষ টয়লেট নির্মাণ করতে হবে। এটি নারীদের জন্য হাটে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার একটি বিশেষ পদক্ষেপ।
ইজারাদারদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, পশুর হাটের কারণে রাজধানীজুড়ে কোনো ধরনের জনদুর্ভোগ বা যানজট সৃষ্টি হতে দেওয়া যাবে না। যদি কোনো ইজারাদার লিজের শর্ত ভঙ্গ করেন বা নির্ধারিত সীমার বাইরে রাস্তা দখল করে হাট বসান, তবে সিটি করপোরেশন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে।
বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তিনি নির্দেশ দেন যে, হাটের প্রতিদিনের বর্জ্য ওই দিনই সরিয়ে ফেলতে হবে। কোনোভাবেই বর্জ্য জমিয়ে রেখে দুর্গন্ধ ছড়ানো যাবে না। এ বিষয়ে ডিএনসিসি থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে।
শফিকুল ইসলাম খান আরও যোগ করেন, “আমরা চাই সবাই যেন পরিবারসহ স্বাচ্ছন্দ্যে হাটে গিয়ে কোরবানির পশু কিনতে পারেন। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় ইজারাদারদের কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।”
মানবকণ্ঠ/আরআই




Comments