Image description

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বুধবার (২০ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে কেনাকাটার চেয়ে লুটপাট বেশি হয়েছে। বর্তমান সরকার এই খাতে বিশেষ নজর দিচ্ছে। বাজেট পাস হলে দেশের হাসপাতালগুলোতে ধাপে ধাপে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ করে সেবার মান বাড়ানো হবে।"

স্বাস্থ্যখাতে বিশেষায়িত সেবা নিশ্চিত করতে আগামী পাঁচ মাসের মধ্যে খুলনা সরাসরি দেশের পাঁচটি বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে। এর ফলে শিশু স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের উন্মোচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতালগুলোতে জনবল সংকট নিরসনে বড় ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ঈদের পর সারাদেশে স্বাস্থ্যখাতে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে। এতে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া বিশেষ বিসিএসের মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে।

হাসপাতালের নিরাপত্তা জোরদারে ঈদের পর প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ জন সদস্য মোতায়েন এবং প্রতিটি হাসপাতাল ইউনিটে আনসার সদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে পরিদর্শনকালে হাসপাতালের শৌচাগার ও সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি অবিলম্বে হাসপাতাল চত্বর ব্যবহারের উপযোগী ও পরিচ্ছন্ন রাখার জন্য কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই সফর এবং গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো দেশের স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।