পাঁচ দেশ সফরের শেষ পর্যায়ে ইতালির রাজধানী রোমে পৌঁছেই নেটিজেনদের নজর কেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে সব কিছু ছাপিয়ে দুই রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত বন্ধুত্ব এবং ঐতিহাসিক কলোসিয়ামের সামনে তোলা একটি ‘সেলফি’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

রোমে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদির সম্মানে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেন মেলোনি। এরপর দুই নেতা গাড়িতে চড়ে রোম শহর প্রদক্ষিণ করেন এবং প্রাচীন স্থাপত্য কলোসিয়ামে সময় কাটান। সেখানে নৈশালোকে ঝলমলে কলোসিয়ামের সামনে মোদির সঙ্গে একটি সেলফি তুলে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেন মেলোনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘রোমে স্বাগত বন্ধু।’
জবাবে মোদিও একাধিক ছবি শেয়ার করে ইতালির প্রধানমন্ত্রীর আতিথেয়তার প্রশংসা করেন। তিনি জানান, প্রথম দিনের সাক্ষাতেই দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। মোদি লিখেন, ‘ভারত-ইতালি বন্ধুত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে।’

দুই নেতার এই রসায়ন দেখে অনলাইন দুনিয়ায় আবারও ‘ম্যালোডি’ (Meloni + Modi) হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। এর আগে ২০২৪ সালের জুনে ইতালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময় মেলোনি ও মোদির একটি ভিডিও এবং সেলফি ‘মেলোডি টিম থেকে হ্যালো’ শিরোনামে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল।
বিশ্লেষকরা মনে করছেন, মোদি ও মেলোনির এই ব্যক্তিগত সুসম্পর্ক ভারত ও ইতালির মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য এবং বৈশ্বিক রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে প্রতিরক্ষা এবং প্রযুক্তির আদান-প্রদানে দুই দেশ আরও কাছাকাছি আসবে বলে ধারণা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments