শিশু রামিসা হত্যায় ‘অপরাধীর রুহ কাঁপানো বিচার’ চাইলেন অভিনেতা ইরফান সাজ্জাদ
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যার ঘটনায় শোবিজ অঙ্গনসহ দেশজুড়ে শোক ও তীব্র নিন্দার ঝড় বইছে। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি অপরাধীদের এমন শাস্তির দাবি জানিয়েছেন, যা দেখে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার আগে যে কারো আত্মা কেঁপে ওঠে।
বুধবার (২০ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে ইরফান সাজ্জাদ দেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা ও শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তুলে লেখেন, ‘সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো বাংলাদেশ! শুধু গ্রেপ্তার করে সান্ত্বনা দেবেন আর বিচারের কোনো নাম নেই, এই সার্কাস আর কত দিন?’
অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে তিনি আরও লেখেন, ‘বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রুহ কাঁপে...।’
পোস্টের শেষ দিকে তিনি সরাসরি দেশের প্রধানমন্ত্রীর প্রতি আকুতি জানিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, একজন মেয়ের বাবা হিসেবে আপনি সব বাবাদের ভয় এবং আতঙ্কের কথাটা বুঝতে পারবেন বলে আশা করি।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাক গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে পাশবিক নির্যাতনের পর তা ধামাচাপা দিতে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়। এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
মানবকণ্ঠ/আরআই




Comments