Image description

চাঁদপুরের কচুয়ায় হামের উপসর্গ এবং জন্মগত মৃগীরোগের জটিলতা নিয়ে ফাইজা ইসলাম নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোরের দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

নিহত ফাইজা ইসলাম উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের প্রধানীয়া বাড়ির আল আমিনের ছোট মেয়ে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তীব্র জ্বর ও শরীরে লালচে দানা (র‍্যাশ) নিয়ে ভুগছিল শিশুটি। গত ১৫ মে (শুক্রবার) তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জাহিদ হোসাইন জানান, হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে ফাইজা গত ১৫ মে হাসপাতালে ভর্তি হয়। ১৮ মে রাত পর্যন্ত তার অবস্থা অন্যান্য হামের রোগীর মতোই স্বাভাবিক ছিল। তবে ১৯ মে ভোরের দিকে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

তিনি আরও জানান, শিশুটি জন্মগতভাবেই ইপিলিপসি (Epilepsy) বা মৃগীরোগ এবং খিঁচুনিজনিত সমস্যায় ভুগছিল এবং এর জন্য নিয়মিত ওষুধ খেত। হামের সংক্রমণের কারণে হয়তো তার মস্তিষ্কে নতুন কোনো স্নায়বিক জটিলতা তৈরি হয়েছিল, যা তার আগের খিঁচুনি রোগটিকে আরও তীব্র ও ঝুঁকিপূর্ণ করে তোলে। মূলত এই দুইয়ের পারস্পরিক জটিলতাতেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ থেকে ২১ মে পর্যন্ত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বমোট ১৭৯ জন হামের রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর