Image description

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটিতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির দিনগুলোতে নির্ধারিত নতুন সূচি অনুযায়ী ট্রেন চলাচল করলেও ঈদের দিন মেট্রোরেল পুরোপুরি বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রীদের নিয়ে ছেড়ে যাবে। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ডিএমটিসিএল জানায়, ছুটির সময়ে যাত্রীচাপের ওপর ভিত্তি করে ট্রেনের মধ্যবর্তী সময় (হেডওয়ে) সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ সূচিতে প্রতিদিন সাতটি ট্রেন সেটের মাধ্যমে আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে। তবে যাত্রীদের ভিড় বিবেচনায় ট্রিপ সংখ্যা কম বা বেশি হতে পারে।

টিকিট বিক্রির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে এবং এমআরটি বা র‍্যাপিড পাস টপআপের সুবিধাও চালু থাকবে। তবে শুক্রবারের ক্ষেত্রে সময়সূচি কিছুটা ভিন্ন। শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে দুপুর ২টা ৪৫ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে দুপুর ৩টা ৫ মিনিটে টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের কাউন্টার ও ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে।

মানবকণ্ঠ/ডিআর