Image description

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষ, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হলে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাসহ প্রবেশ করে। সেখানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা হলের বিভিন্ন আসবাবপত্র ও বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন শিক্ষক শারীরিক লাঞ্ছনার শিকার ও আহত হন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী অনৈতিক কার্যকলাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, “বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে আমরা কোনো আপস করব না। অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।”

মানবকণ্ঠ/ডিআর