ক্রিকেট কানাডার সদ্য নির্বাচিত সভাপতি অরবিন্দর খোসার বাসভবনে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কানাডার স্থানীয় সময় বুধবার ভোরে সারে শহরের নিউটন এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে এই হামলা চালানো হয়। ব্রিটিশ কলাম্বিয়াভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে অরবিন্দর খোসার বাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়া হয়। এ সময় বাড়ির ভেতরে পরিবারের সদস্যরা অবস্থান করলেও কেউ হতাহত হননি। তবে গুলির আঘাতে ভবনের দরজা, জানালা এবং বাইরের দেয়ালে অন্তত পাঁচটি চিহ্ন পাওয়া গেছে।
সারে পুলিশের এক মুখপাত্র সিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান ‘ফিফথ এস্টেট’কে জানিয়েছেন, হামলার শিকার ওই বাসভবনের এক সদস্য আগে থেকেই চাঁদাবাজি সংক্রান্ত হুমকি পাচ্ছিলেন। ফলে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টিকে চাঁদাবাজি-সংক্রান্ত হামলা হিসেবেই তদন্ত করছে।
উল্লেখ্য, সম্প্রতি আদালতের নির্দেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আমজাদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডার সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অরবিন্দর খোসা। দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মাথায় এই হামলা ক্রিকেট মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এদিকে, এই হামলার ঘটনার পর ক্রিকেট কানাডার সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্র বা আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগের অভিযোগ পুনরায় সামনে এসেছে। এর আগে সিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতের কুখ্যাত ‘লরেন্স বিষ্ণোই গ্যাং’ সংশ্লিষ্ট ব্যক্তিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কানাডার ক্রিকেট অঙ্গনের বেশ কয়েকজন সদস্যকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছিল যে, খোসার সাথে এমন কয়েকজন খেলোয়াড়ের যোগাযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে বিষ্ণোই গ্যাংয়ের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কানাডার ক্রিকেটে এ ধরনের হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে ক্রিকেট কানাডার এক সাবেক বোর্ড সদস্যের বাড়িতেও গুলিবর্ষণ করা হয়েছিল। সেই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগে ওই সদস্য পদত্যাগ করে সপরিবারে অন্যত্র চলে যান।
মানবকণ্ঠ/ডিআর




Comments