রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পীরগাছা সদর ইউনিয়নের তালুক ঈশাদ (শটিপাড়া) গ্রামের লুৎফর রহমান (৫৫), যিনি স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার এবং পূর্ব চন্ডিপুর গ্রামের লুৎফর রহমান (৪৫), যিনি রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী, জাল সনদ ও নকল বাণিজ্যের সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকার। এর জেরে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মাদরাসা সুপার ও প্রধান শিক্ষকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর সংঘবদ্ধ হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তজনা ছড়িয়ে পড়ে।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দুই লুৎফরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের বিষয়েও আইনি প্রক্রিয়া চলমান।
মানবকণ্ঠ/ডিআর




Comments