অ্যানফিল্ডের সবুজ ঘাসে শেষবারের মতো পা রাখলেন তিনি। গ্যালারিভর্তি দর্শক দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিল তাদের প্রিয় ‘কিং মো’-কে। কিন্তু সেই চিরচেনা মঞ্চে দাঁড়িয়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন না মোহামেদ সালাহ। লিভারপুলের হয়ে নিজের বিদায়ী ম্যাচে জীবনের সবচেয়ে বেশি কান্না করলেন এই মিশরীয় তারকা।
রোববার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে লিভারপুলের হয়ে ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলেন সালাহ। ম্যাচের ৭৩ মিনিটে যখন তাকে তুলে নেওয়া হয়, তখন পুরো অ্যানফিল্ড জুড়ে তার নামে জয়ধ্বনি শুরু হয়। ম্যাচ শেষে সমর্থকদের এমন ভালোবাসায় কান্নায় ভেঙে পড়েন তিনি।
পরে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আবেগ প্রকাশ করে সালাহ বলেন, “মনে হয় জীবনে যত কেঁদেছি, আজ তার চেয়েও বেশি কেঁদেছি। আমি সাধারণত খুব একটা আবেগপ্রবণ নই। কিন্তু এখানে আমরা আমাদের যৌবনের সেরা সময় কাটিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একসঙ্গে ভাগ করে নিয়েছি।”
সালাহর বিদায়ের দিনে সমানভাবে আলোচিত ছিল অ্যান্ডি রবার্টসনের বিদায়ও। ২০১৭ সালে একই ট্রান্সফার উইন্ডোতে লিভারপুলে যোগ দিয়েছিলেন সালাহ ও রবার্টসন। গত ৯ বছরে ক্লাবটির সাফল্যের প্রধান দুই স্তম্ভ ছিলেন তারা।
রবার্টসনকে নিয়ে সালাহ বলেন, “সবাই রবার্টসনকে ভালোবাসে, কারণ সে মাঠে নিজের সবকিছু উজাড় করে দেয়। সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পেরে আমি গর্বিত।”
সালাহ ও রবার্টসনের এই জুটি লিভারপুলকে এনে দিয়েছে একটি চ্যাম্পিয়নস লিগ এবং দুটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ অসংখ্য ট্রফি। তবে সালাহর শেষ মৌসুমটা একেবারে মসৃণ ছিল না। গত ডিসেম্বরে ক্লাবের সঙ্গে তার কিছু তিক্ততা তৈরি হয়েছিল, যেখানে তিনি অভিযোগ করেছিলেন ক্লাব তাকে ‘বাসের নিচে ফেলে দিয়েছে’। এমনকি মে মাসেও দলের ফর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া মন্তব্য করেছিলেন তিনি।
তবে বিদায়ের দিনে সব তিক্ততা ধুয়ে মুছে গেছে ভক্তদের গগনবিদারী চিৎকারে। সালাহ ফিরে তাকালে দেখছেন কেবল অর্জনের খাতা। তিনি বলেন, “জীবনে এর চেয়ে বেশি কিছু কি চাইতে পারতাম? মনে হয় না। আমরা সব জিতেছি। সমর্থকদের এই ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”
ক্লাবের ভবিষ্যৎ নিয়ে শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, “আমি হয়তো এখন থেকে অনেক দূরে থাকব, কিন্তু লিভারপুলের কথা ভাবলে প্রতিবারই আবেগপ্রবণ হয়ে পড়ব। আশা করি দল সব সময় সেরাদের কাতারে থাকবে এবং সব শিরোপার জন্য লড়বে।”
অ্যানফিল্ডের ‘দ্য কপ’ স্ট্যান্ড থেকে সালাহকে বিদায় জানানোর সেই দৃশ্য লিভারপুল সমর্থকদের মনে গেঁথে থাকবে অনেক দিন। সালাহ ও রবার্টসনের বিদায়ে লিভারপুলের এক সোনালী যুগের অবসান ঘটল।




Comments