গাইবান্ধায় বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ: আশুলিয়া থেকে প্রধান আসামি গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি আল আমিনকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৪ মে) বিকেলে ঢাকা জেলার আশুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। গ্রেপ্তার আল আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে।
র্যাব জানায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আল আমিনের সাথে ভুক্তভোগী এক তরুণীর ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন আল আমিন। একপর্যায়ে ২০২৫ সালের ১০ অক্টোবর তিনি স্ত্রীকে একতরফা তালাক দেন।
পরবর্তীতে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে আল আমিন ওই তরুণীকে তার খালার বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের শিকার ওই নারী পুনরায় বিয়ের জন্য চাপ দিলে আল আমিন তা অস্বীকার করেন। এ ঘটনায় গত ৫ মে ভুক্তভোগী নারী গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।
মামলা দায়েরের পর থেকেই আল আমিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ (গাইবান্ধা ক্যাম্প) এবং র্যাব-৪ (সাভার নবীনগর ক্যাম্প)-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।




Comments