Image description

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মাসুম মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম মিয়া দরুইন গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশা চালানো শেষে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন মাসুম মিয়া। এ সময় বাড়ির পাশের রেললাইনে একটি আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।