Image description

সারাদেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। বরিশালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেল। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় ও জাতীয় পর্যায়ের প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে যে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং অন্যজন জেলার বাইরে মারা গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল মোট ৪৬ জন শিশু।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই নতুন করে ৩৪ জন হামের রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৮৫ জনে।

সারাদেশের সামগ্রিক পরিস্থিতি আরও ভয়াবহ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। বর্তমানে দেশে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬২২ জন। এছাড়া সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।

হামের এই দ্রুত বিস্তার ও শিশুমৃত্যুর হার বৃদ্ধিতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং শিশুদের বিশেষ যত্নে রাখার পরামর্শ দিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই