Image description

সারাদেশে হামের সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত দুই কোটিরও বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হামের টিকাদান কর্মসূচিতে আমাদের লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। এটি একটি বড় সাফল্য। বিশেষ করে প্রথম ধাপে যে ১৮টি উপজেলায় নিবিড় ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।”

তিনি আরও জানান, হামের ঝুঁকি পুরোপুরি নির্মূল করতে নিয়মিত ইপিআই (EPI) কার্যক্রমের পাশাপাশি বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বা ডেকে এনে শিশুদের টিকা প্রদান করছেন যাতে কোনো শিশু বাদ না পড়ে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মানও যাচাই করেন। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো নিয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং আশ্বস্ত করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে।

এ সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই