জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্প গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে র্যাব-৭-এর একটি অস্থায়ী ক্যাম্পে বর্বরোচিত হামলা চালিয়েছে কুখ্যাত সন্ত্রাসী ‘ইয়াসিন বাহিনী’। রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা বুলডোজার দিয়ে র্যাব ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সন্ত্রাসীদের প্রায় দুই ঘণ্টা ধরে গুলিবিনিময় চলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, র্যাব ও যৌথ বাহিনীর সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সেজন্য জঙ্গল সলিমপুরের অন্তত তিনটি স্থানে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসীরা। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গভীর রাতে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র্যাব। অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জঙ্গল সলিমপুরের ‘অধরা নিয়ন্ত্রক’ হিসেবে পরিচিত ইয়াসিন বাহিনী এই হামলার পেছনে দায়ী। তিনি বলেন, “সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়লে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। অতিরিক্ত ফোর্স আসার পথ বন্ধ করতে তারা রাস্তা কেটে দেয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে।”
অনুসন্ধানে জানা গেছে, প্রায় ৩,১০০ একর আয়তনের এই দুর্গম পাহাড়ি এলাকাটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের খুনি, ডাকাত ও মাদক কারবারিদের অভয়ারণ্য। বরিশাল, বগুড়া, নোয়াখালী ও হাতিয়াসহ বিভিন্ন অঞ্চলের দাগী অপরাধীরা এখানে এসে আস্তানা গেড়েছে। ইয়াসিন বাহিনী ও রোকন বাহিনী পুরো এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে রেখে পাহাড় কাটা, প্লট বিক্রি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। কথিত আছে, “খুন করে আলীনগর (জঙ্গল সলিমপুরের অংশ) চলে যাও, তুমি নিরাপদ।”
সরকার ২০২১ সাল থেকে জঙ্গল সলিমপুরকে অপরাধমুক্ত করে সেখানে স্পোর্টস কমপ্লেক্স, কেন্দ্রীয় কারাগার স্থানান্তর, আইকনিক মডেল মসজিদ, নভোথিয়েটার ও ইকো-পার্ক করার মহাপরিকল্পনা গ্রহণ করে। কিন্তু এই বিশাল অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সন্ত্রাসীরা বারবার বাধা সৃষ্টি করছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪ জন খুন হয়েছেন। এর আগে ৩০ আগস্ট সেনাবাহিনী এখানে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়।
বর্তমানে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পলাতক সন্ত্রাসী প্রধান ইয়াসিন ও রোকনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments