পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশে দেওয়া এক বার্তায় ইসরায়েলকে “অবশ্যই সমূলে উৎখাত করতে হবে এবং তা করা হবেই” বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রভাবশালী নেতা মোজতবা খামেনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই খবর প্রকাশ করেছে।
বার্তায় খামেনি ইসরায়েলকে এই অঞ্চলের জন্য একটি “বিপজ্জনক ও মারাত্মক ক্যান্সারযুক্ত টিউমার” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সময়ের বিবর্তন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে আর পেছনে ফেরার পথ নেই।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, “এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো আর মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ঢাল হিসেবে কাজ করবে না। মধ্যপ্রাচ্যে অরাজকতা সৃষ্টি বা নিজেদের স্বার্থ রক্ষায় আমেরিকা আর কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।”
চলমান যুদ্ধ ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে খামেনি দাবি করেন, ইরান তার বিধ্বংসী আঘাতের মাধ্যমে জায়নবাদী (ইসরায়েলি) শাসনকে কার্যত অসহায় করে তুলেছে। একে তিনি যুক্তরাষ্ট্রের নীতির প্রতি একটি ‘কঠোর চপেটাঘাত’ হিসেবে অভিহিত করেন। তার মতে, ইসরায়েলের এই দুর্বলতা মূলত পশ্চিমা শক্তির পতনেরই ইঙ্গিত।
এবারের হজ মৌসুমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বর্জনের ডাক দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি। খামেনি বলেন, “আমেরিকার ধ্বংস হোক” এবং “ইসরায়েলের ধ্বংস হোক”—এই স্লোগান দুটি বর্তমানে শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি সমগ্র “ইসলামী উম্মাহর প্রধান স্লোগানে” পরিণত হয়েছে।
বার্তার শেষে তিনি মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সামনের দিনগুলো ইসলামী উম্মাহর এবং একটি নতুন ইসলামী সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। জায়নবাদী শক্তির পতনের মাধ্যমেই এই অঞ্চলে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




Comments