পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের স্রোত আর বৈরী আবহাওয়ার কবলে পড়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। মহাসড়কের প্রায় ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে, অনেক জায়গায় যানবাহন ঠাঁই দাঁড়িয়ে আছে। অতিরিক্ত যানবাহনের চাপ, রাতভর বৃষ্টি, সড়ক দুর্ঘটনা এবং যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত থেকেই যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত মহাসড়কের বিশাল অংশ জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল থাকায় চালকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাচ্ছেন, যা যানজটের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাতে বৃষ্টির পাশাপাশি সেতুর ওপর ও সংযোগ সড়কে কয়েকটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। এছাড়া ঈদের আগে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেড়ে যাওয়ায় টোল প্লাজায় কিছুটা সময় লাগছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং বিকল হওয়া গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, “মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টির কারণে গতি কমে যাওয়ায় জট দীর্ঘ হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।”
মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও কাজ করছে। তবে বৃষ্টি ও অতিরিক্ত চাপের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments