বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আবারও উড়ল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেছেন পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। বুধবার (২৭ মে) ভোরে তিনি এভারেস্টের সর্বোচ্চ শিখরে আরোহণ করেন। তাঁর এই অবিস্মরণীয় সাফল্যের খবর নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।
২০১২ সালে নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরীন প্রথম ও দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেছিলেন। এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর নিম্নি এই বিরল কৃতিত্ব অর্জন করলেন।
নিম্নির এই যাত্রা শুরু হয়েছিল গত ১১ এপ্রিল ঢাকা ত্যাগের মাধ্যমে। নেপালের কাঠমান্ডু ও লুকলা হয়ে তিনি এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান। মে মাসের মাঝামাঝি থেকে অভিযানের উপযুক্ত সময় হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে নিম্নিকে বেশ বেগ পেতে হয়। গত ২৩ মে ক্যাম্প-৪ এ পৌঁছে শিখরের দিকে রওনা হলেও তীব্র বাতাস ও খারাপ আবহাওয়ার কারণে তিনি ক্যাম্প-২ এ ফিরে আসতে বাধ্য হন। তবে অদম্য নিম্নি হাল ছাড়েননি। আবহাওয়া কিছুটা অনুকূলে আসতেই ২৫ মে পুনরায় যাত্রা শুরু করেন এবং সব বাধা পেরিয়ে আজ বুধবার ভোরে এভারেস্টের শিখর স্পর্শ করেন। নেপালের ‘এইটকে এক্সপেডিশন’-এর একজন শেরপা এই অভিযানে তাঁর সঙ্গী ছিলেন।
নুরুন্নাহার নিম্নি পেশায় একজন ব্যাংকার। তিনি বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি-এর জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাঁর এই দুঃসাহসী অভিযানের স্পনসর ছিল তাঁর কর্মস্থল পূবালী ব্যাংক।
রংপুরের মেয়ে নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ের ফিল্ডওয়ার্কে গিয়ে পাহাড়ে চড়ার নেশা জাগে তাঁর মনে। এরপর দীর্ঘ সময় নেপাল, ভুটান ও ভারতের সিকিমে ট্রেকিংয়ের অভিজ্ঞতা অর্জন করেন। ২০২২ সালে ভারতের দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে এভারেস্ট অভিযানের জন্য প্রস্তুত করেন তিনি।
উল্লেখ্য, ২০১০ সালে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। এরপর এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, সজল খালেদ, বাবর আলী এবং ইকরামুল হাসান শাকিলের পর নুরুন্নাহার নিম্নি এভারেস্ট জয়ীদের তালিকায় নিজের নাম লেখালেন। ২০২৬ সালে তিনিই একমাত্র বাংলাদেশি অভিযাত্রী হিসেবে এভারেস্ট চূড়ায় পা রাখলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments