Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। বুধবার (২৭ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর জলাতঙ্ক রোগ হয়েছে, তাকে দ্রুত ভ্যাক্সিন দেয়া দরকার।’

রাশেদ খান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিনিয়ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশের রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছেন। তাঁর মতে, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের রাজনীতিকে যদি কেউ সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করে থাকে, তবে তিনি হলেন এই পাটওয়ারী।

সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা প্রসঙ্গে রাশেদ খান দাবি করেন, এই হামলার পেছনে ছাত্রদল জড়িত নয়। তিনি অভিযোগ তুলে বলেন, ‘তাকে (পাটওয়ারী) ছাত্রদল নয়, বরং শিবির ডিম নিক্ষেপ ও হামলা করেছে।’ পাটওয়ারীর আক্রমণাত্মক ও অসংলগ্ন রাজনৈতিক বক্তব্যের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।

প্রেস ব্রিফিংকালে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাশেদ খানের এই মন্তব্যের পর স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

মানবকণ্ঠ/আরআই