সারাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১০টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে আরও ৭৩২টি শিশু। শুক্রবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে মৃত ১০ শিশুর মধ্যে ৮ জন হামের উপসর্গ নিয়ে এবং ২ জন ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫৭৫টি শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ জন শিশুর। গত আড়াই মাসে আক্রান্ত ও মৃত্যুর এই ক্রমবর্ধমান হার জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণের উচ্চ হার এবং মৃত্যুর এই মিছিল ঠেকাতে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা জরুরি। কোনো শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মানবকণ্ঠ/আরআই




Comments