Image description

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় মুমূর্ষু অবস্থায় এক তরুণীকে উদ্ধার করে সুচিকিৎসার মাধ্যমে প্রাণ বাঁচিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যদের এই মানবিক পদক্ষেপে নতুন জীবন ফিরে পেয়েছেন ১৮ বছর বয়সী প্রভাতী ত্রিপুরা।

অসুস্থ তরুণীর স্বামী রুহিম ত্রিপুরা জানান, শুক্রবার রাতে তার স্ত্রী প্রভাতী হঠাৎ তীব্র পেট ব্যথায় ছটফট করতে থাকেন। দুর্গম এলাকায় কোনো হাসপাতাল বা ক্লিনিক না থাকায় দ্রুতই তার অবস্থার অবনতি ঘটে এবং এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। নিরুপায় হয়ে স্ত্রীর প্রাণ বাঁচাতে রুহিম ত্রিপুরা ৫৪ বিজিবির জুপ্পুই বিওপিতে (Border Outpost) গিয়ে সাহায্য চান।

খবর পাওয়ার পরপরই ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় বিজিবি সদস্যরা উদ্ধার অভিযানে নামেন। তারা দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে অতিক্রম করে মুমূর্ষু প্রভাতীকে উদ্ধার করে বিওপিতে নিয়ে আসেন। সেখানে বিজিবির মেডিকেল টিম তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে। সঠিক সময়ে চিকিৎসা পাওয়ায় প্রভাতী দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং পরে তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, "সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ে বসবাসকারী জনসাধারণের জন্য মানবিক সেবা নিশ্চিত করা বিজিবির নিয়মিত কাজের অংশ। দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হওয়ায় আমরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। প্রভাতী ত্রিপুরার ক্ষেত্রেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।"

বিজিবির এই দ্রুত ও মানবিক পদক্ষেপের ফলে একটি প্রাণ রক্ষা পাওয়ায় জুপ্পুই এলাকার বাসিন্দারা বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। দুর্গম পাহাড়ে বিজিবির এমন জনকল্যাণমুখী কাজ স্থানীয়দের মধ্যে আস্থার সৃষ্টি করেছে।