Image description

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩০ মে) সন্ধ্যায় দেওয়া আগামী ১২০ ঘণ্টার এক বর্ধিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বেড়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী কয়েকদিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার ও সোমবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের ধারা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের অন্যান্য বিভাগেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির আওতা আরও বাড়তে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে মঙ্গলবার বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থাৎ বুধবার নাগাদ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, বর্ধিত পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘ তাপপ্রবাহের পর জনজীবনে স্বস্তি নিয়ে আসতে পারে।

মানবকণ্ঠ/আরআই