রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, "রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রপক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা আদালতে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির জন্য প্রার্থনা করব।"
সংবিধান সংস্কারের বিষয়ে মন্ত্রী জানান, সংবিধান সংশোধন কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য বিরোধী দল থেকে এখনো কোনো নাম প্রস্তাব করা হয়নি। সরকার বর্তমানে তাদের নামের জন্য অপেক্ষায় রয়েছে। এছাড়া মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন সংক্রান্ত যেসব সুপারিশ সরকারের হাতে এসেছে, সেগুলো বর্তমানে গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, “বাংলাদেশের বিচার বিভাগ বর্তমানে এতটাই স্বাধীন যে, সুপ্রিম কোর্টের বিচারকদের বদলি বা শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অনেক উন্নত দেশেও এমন স্বাধীনতা দেখা যায় না। অতীতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ থাকলেও বর্তমান সরকার বিচার বিভাগের স্বকীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
দেশের আদালতগুলোতে মামলার পাহাড় ও দীর্ঘসূত্রতা নিয়ে মন্ত্রী বলেন, “বর্তমানে সারাদেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এই বিশাল জট তৈরির প্রধান কারণ হলো বিচারক ও আইনজীবীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। আমরা এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছি।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মন্ত্রী জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments